দেশজুড়ে

লক্ষ্মীপুরে ৩ মেয়েসহ মাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে শাহিনুর বেগমসহ তার তিন মেয়েকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্র সমাজের ব্যানারে থানার সামনে এ মানববন্ধন করা হয়। এতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন-নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি ও স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় অন্য কেই জড়িত আছে কি না তা তদন্তসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন।

কাজল কায়েস/এএইচ/এমএস