মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দুই যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
Advertisement
রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার শ্রীমঙ্গল- শায়েস্তাগঞ্জ সড়কের সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
Advertisement
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের উদ্দেশে আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মাহিদুল ইসলাম/কেএইচকে/এমএস
Advertisement