আইন-আদালত

ঘটনাস্থলেই ছিলেন না ২০ বছরের দণ্ডপ্রাপ্ত এএসআই চঞ্চল: দাবি আইনজীবীর

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

Advertisement

সেই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন দণ্ডপ্রাপ্ত চঞ্চলের আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেছেন, ঘটনার দিন চঞ্চলের কাছে কোনো অস্ত্র ছিল না এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবেন বলেও জানান তিনি।

রোববার (২৮ জুন) রায়ের পর এক প্রতিক্রিয়ায় চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী এমন কথা বলেন। তিনি দাবি করেন, ঘটনার দিন চঞ্চলের কাছে কোনো অস্ত্র ছিল না এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না। এসব নথিপত্রে উল্লেখ আছে এবং পরিস্থিতিও তাই বলে।

আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন বলেন, হঠাৎ আসা একটা ভিডিও বিবেচনায় নেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাবেন।

Advertisement

তিনি বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই চঞ্চল চন্দ্র সরকার টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিলেন। সিডিআর ও সিসি ক্যামেরার ফুটেজ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি তাই বলে।

আরও পড়ুন যুবককে গুলি ও দুই হত্যা / ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

নিপ্পনের ভাষ্য, হঠাৎ করে সামনে আসা একটি ‘এক্সট্রা জুডিসিয়াল কনফেশন’ বা ভিডিও বার্তার ওপর ভিত্তি করে এ রায় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বারবার নিবেদন রেখেছিলাম যে, এই প্রমাণটি বিবেচনায় নেওয়া যেতে পারে না। বিচারকাজ শেষে হঠাৎ করে একটি ভিডিওর ভিত্তিতে যেভাবে এটিকে বিবেচনায় নেওয়া হয়েছে, তাতে আমরা সংক্ষুব্ধ।

এর আগে, রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন।

Advertisement

রায়ে এই মামলার পাঁচ আসামির মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান (এরইমধ্যে চানখাঁরপুলের মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে), ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রামপুরা থানার সাবেক উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত এই চার আসামিই বর্তমানে পলাতক।

এ ছাড়া এই মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে। আজ রায় ঘোষণা উপলক্ষে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এফএইচ/এমএমকে