জাতীয়

দুর্নীতির দায়ে শাস্তি পেলেন ভূমি জরিপ অধিদপ্তরের দুই কর্মচারী

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে চাকরি থেকে বরখাস্ত এবং অপরজনকে বেতন গ্রেডে এক ধাপ অবনমিত করা হয়েছে।

Advertisement

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বর্তমান কর্মস্থল: উপজেলা সেটেলমেন্ট অফিস, বেড়া, পাবনা) মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Advertisement

এছাড়া ২৪/২৫ নম্বর বিভাগীয় মামলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বেতন গ্রেডের এক ধাপ নিম্নে অবনমিত করার লঘুদণ্ড দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় বলেছে, ভূমি সেবাকে হয়রানিমুক্ত, দুর্নীতিমুক্ত ও আরও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরএমএম/এমএএইচ/

Advertisement