বিনোদন

প্রথমবার একসঙ্গে রাফী-সাদ, আন্তর্জাতিক স্বীকৃতি পেল তাদের সিনেমা

বাংলাদেশের মূলধারার বাণিজ্যিক সিনেমা ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত শিল্পধারার চলচ্চিত্র- দুই ভিন্ন জগতের দুই নির্মাতা এবার এক হচ্ছেন একই সিনেমায়। নির্মাতা রায়হান রাফী ও আবদুল্লাহ মোহাম্মদ সাদ যৌথভাবে নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র ‘আইস’। এটি ইতোমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উন্নয়ন কর্মসূচি কোপ্রসেস ল্যাব ২০২৬-এ নির্বাচিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী এবং ছবির প্রযোজক তানভীর হোসেন।

ফেসবুকে রাফী লিখেছেন, ‘কিছু চলচ্চিত্র একটি গল্প দিয়ে শুরু হয়, কিছু শুরু হয় একটি প্রশ্ন দিয়ে। “আইস” শুরু হয়েছে একটি বিশ্বাস থেকে।’

তার ভাষ্য, দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ও শিল্পধারার সিনেমার মধ্যে একটি কৃত্রিম বিভাজন তৈরি করা হয়েছে। অথচ একটি চলচ্চিত্র একই সঙ্গে দর্শকপ্রিয়, আবেগঘন ও চিন্তাশীল হতে পারে।

Advertisement

আরও পড়ুন ‘প্রথমবার প্রার্থী হয়ে ভয় লাগছে, আমি কারও শত্রু হতে চাই না’

নতুন এই প্রজেক্টে সাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন রাফী। তার মতে, সাদ চলচ্চিত্রে মনস্তাত্ত্বিক গভীরতা, নৈতিক সংকট ও মানুষের অন্তর্জগতকে তুলে ধরতে দক্ষ। আর তিনি নিজে নিয়ে আসছেন গতি, আবেগ এবং বৃহৎ দর্শকের সঙ্গে সংযোগ তৈরির অভিজ্ঞতা। এই দুই ভিন্ন চলচ্চিত্র ভাষার সমন্বয়েই ‘আইস’ নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠবে বলে বিশ্বাস তাঁর।

একই বিষয়ে প্রযোজক তানভীর হোসেনও বলেন, শিল্পধারার ও বাণিজ্যিক সিনেমার মধ্যে যে বিভাজন প্রচলিত, তিনি কখনোই সেটিতে বিশ্বাস করেননি। তাঁর মতে, ভালো চলচ্চিত্রের জন্য শিল্পমান যেমন জরুরি, তেমনি দর্শকের সঙ্গে সংযোগও সমান গুরুত্বপূর্ণ।

তিনি জানান, কোপ্রসেস ল্যাব ২০২৬-এ নির্বাচিত হওয়াকে তারা ছবিটির আন্তর্জাতিক যাত্রার গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হিসেবে দেখছেন। আশা করছেন, বাংলাদেশে নির্মিত এই চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকের কাছেও সমাদৃত হবে।

আরও পড়ুন জুলাই মামলায় নাম / মধ্যরাতে বাসায় পুলিশ, কান্নায় ভেঙে পড়ে যা বললেন অভিনেতা কমল পাটেকার

কোপ্রসেস ল্যাব চলচ্চিত্র উন্নয়ন পর্যায়ের একটি আন্তর্জাতিক কর্মসূচি। এখানে নির্বাচিত প্রকল্পগুলো চিত্রনাট্য উন্নয়ন, আন্তর্জাতিক মেন্টরশিপ, সহ-প্রযোজনা এবং সম্ভাব্য অর্থায়নের সুযোগ পায়। ফলে এই কর্মসূচিতে জায়গা পাওয়াকে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।

Advertisement

উল্লেখ্য, রায়হান রাফীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেশার কুকার’ দর্শকপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে আবদুল্লাহ মোহাম্মদ সাদ তার ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

 

এলআইএ