খেলাধুলা

মেক্সিকোর কাছে হেরে দায়িত্ব ছাড়লেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু সাফল্যের গল্প নয়, ব্যর্থতারও নির্মম হিসাব। কোটি সমর্থকের প্রত্যাশা পূরণ করতে না পারলে অনেক সময়ই বিদায় নিতে হয় দলের কোচকে। কেউ ছাঁটাই হন, কেউ আবার নিজেই সরে দাঁড়ান দায়িত্ব থেকে।

Advertisement

চলতি বিশ্বকাপে এমন কোচদের তালিকায় নতুন নাম যোগ হয়েছে ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকেসেসের। শেষ ৩২-এর ম্যাচে স্বাগতিক মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

মূলত বিশ্বকাপ পর্যন্তই ছিল বেকেসেসের চুক্তি। মেক্সিকোর বিপক্ষে হারের পর ইকুয়েডর ফুটবল ফেডারেশন এবং কোচ পারস্পরিক সমঝোতায় চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

বিদায়ী সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত বেকেসেসে বলেন, ‘এটি পুরো ইকুয়েডরের জন্যই কষ্টের একটি রাত। আমাদের অনেক স্বপ্ন আর প্রত্যাশা ছিল। দায়িত্ব নেওয়ার সময় দলের অবস্থা খুব একটা ভালো ছিল না। সেখান থেকে আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু বিশ্বকাপে যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, সেটি পূরণ করতে পারিনি। এখানেই আমার চুক্তির সমাপ্তি, তাই আমাদের পথও এখানেই আলাদা হয়ে যাচ্ছে।’

Advertisement

এই আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘এই দলের ফুটবলারদের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান ও নিবেদন পেয়েছি, তা কখনো ভুলব না। আমাকে বিশ্বাস করার জন্য ফেডারেশন সভাপতি ও পুরো কোচিং স্টাফের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা একটি শক্ত ভিত তৈরি করে যাচ্ছি। এখন নতুন কোচিং স্টাফের জন্য শুভকামনা রইল। এই দলের ভবিষ্যৎ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

২০২৪ সালের আগস্টে ইকুয়েডরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ ছন্দে ছিল দলটি। তার অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পর দ্বিতীয় স্থান দখল করে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে ইকুয়েডর। এছাড়া বিশ্বকাপ শুরুর আগে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার নজিরও গড়েছিল তারা।

তবে সেই দারুণ ধারাবাহিকতা বিশ্বকাপের মঞ্চে ধরে রাখতে পারেনি ইকুয়েডর। প্রত্যাশামতো পারফরম্যান্স না হওয়ায় টুর্নামেন্ট চলাকালীনই সমর্থকদের একটি অংশ বেকেসেসের পদত্যাগ দাবি করতে শুরু করে। এমনকি গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কা দেখা দেওয়ার সময় নিজের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই আর্জেন্টাইন কোচ। তবে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউটে ওঠে ইকুয়েডর।

মাত্র ১০ দিন আগেও তিনি বলেছিলেন, ‘হয়তো আমি ইকুয়েডরের মানুষের মন পুরোপুরি জয় করতে পারিনি। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি এবং শেষ ম্যাচেও সেটাই করতে চাই, যা এই দল প্রাপ্য।’

Advertisement

ইকুয়েডরের দায়িত্বে প্রায় দুই বছরে ২৪টি ম্যাচে কোচিং করিয়েছেন বেকেসেসে। এই সময়ে তার দল ৯টি জয়, ১২টি ড্র এবং মাত্র ৩টি হার দেখেছে।

এদিকে বেকেসেসের বিদায়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব ছাড়ার ঘটনা আরও দীর্ঘ হলো। এর আগে শেষ ৩২-এ মরক্কোর কাছে হেরে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান পদত্যাগ করেন। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দায়িত্ব ছাড়েন চেক প্রজাতন্ত্রের মিরোস্লাভ কুবেক, তিউনিসিয়ার সাব্রি লামুশি, স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক এবং দক্ষিণ কোরিয়ার হং মিয়ুং-বো। বিশ্বকাপে ব্যর্থতার মূল্য হিসেবে এ পর্যন্ত ছয় কোচের অধ্যায়ের ইতি ঘটল।

এসকেডি/জেআইএম