রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠক চলাকালে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
Advertisement
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি মো. সাদ্দাম (৩৫) এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা (৩০)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারা সেখানেই চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। পরে ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে আজ বুধবার রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
Advertisement
অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
টিটি/ইএ
Advertisement