জাতীয়

হাটহাজারীতে ৬ বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

Advertisement

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোবারক আলী তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি কক্ষের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মামুন, রিয়াজ, মো. আমানউল্লাহ, মো. আসিফ, শহিদ ও নজরুলের দুটি সেমিপাকা ঘর, দুটি কাঁচা ঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেটসহ আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় পাশের কয়েকটি বাড়িঘর রক্ষা করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/ইএ

Advertisement