এইচএসসি ও সমমান পরীক্ষা প্রথমদিনে ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর অসদুপায় অবলম্বনের দায়ে সাতজনকে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, প্রথমদিনের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত আট লাখ ৫৬ হাজার ৯৭ পরীক্ষার্থীর মধ্যে আট লাখ ৩৮ হাজার ৮৬৪ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।
বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো- ঢাকা বোর্ডে তিন হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে দুই হাজার ৪৬৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ ও ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৮২ জন।
Advertisement
অসদুপায়ের দায়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোর বোর্ডে দুই এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে মোট পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ পরীক্ষার্থী অংশ নেন। এ বোর্ডে চার হাজার ৪৭৮ জন অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে একজনকে বহিষ্কার করা হয়।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ পরীক্ষার্থী। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৩ জন এবং অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল।
Advertisement
এএএইচ/একিউএফ