দেশজুড়ে

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৩

পিরোজপু সদরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে।

Advertisement

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটকরা হলেন- মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল আমিন শেখ (২৬) এবং মো. আলী হোসেন (৪০)। তাদের মধ্যে আলী হোসেন উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের (৪নং ওয়ার্ড) বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে কদমতলা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। আনুমানিক রাত আড়াইটায় সন্দেহভাজন হাসান ও আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড গুলি তেজদাসকাঠী গ্রামের আলী হোসেনের কাছে বিক্রি করেছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

Advertisement

মো. তরিকুল ইসলাম/এএইচ/জেআইএম