দেশজুড়ে

বগুড়া ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল, সেই বৈষম্য দূর করছে সরকার

বিগত ২০ বছর ধরে বগুড়া নানান ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Advertisement

তিনি বলেন, বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার উন্নয়নকে জাতীয় উন্নয়নের ধারার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার ময়দানহাট্টা ইউনিয়নে পুনঃখননকৃত বড়াইল-বাকসন খালের দুই পাশের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‌‘শুধু অবকাঠামো নির্মাণ নয়, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাও সরকারের অগ্রাধিকার। সে লক্ষ্যেই খাল পুনঃখননের পাশাপাশি দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

Advertisement

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বড়াইল-বাকসন খালের দুই পাড়জুড়ে এই সবুজের নতুন অভিযাত্রা শুরু হলো। একসময় দীর্ঘদিনের অবহেলায় পলি জমে মৃতপ্রায় হয়ে পড়েছিল এই খালটি। সরকারের সাম্প্রতিক উদ্যোগ ও পুনঃখননের ফলে খালটি এখন ফিরে পেয়েছে তার স্বাভাবিক নাব্য ও পানির প্রবাহ।

এ কর্মসূচিতে প্রতিমন্ত্রী খালের দুই তীরজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি টেকসই সবুজ বেষ্টনী গড়ে তোলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ খালের উভয় তীরজুড়ে কয়েক হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

এলবি/এসআর

 

Advertisement