দেশজুড়ে

আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

ফরিদপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে মোটরসাইকেল ও প্রাইভেটকারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল ও বেশ কয়েকটি প্রাইভেটকারে কয়েক শতাধিক আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা অংশ নেয়।

Advertisement

শুক্রবার(৩ জুলাই) বিকেল ৪টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি এবং হাতে ছিল দেশটির পতাকা। শতাধিক মোটরসাইকেল ও বেশ কয়েকটি প্রাইভেট কার নিয়ে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিভিন্ন বয়সি আর্জেন্টিনা সমর্থকেরা অংশ নেন। এসময় তাদের মেসি মেসি স্লোগানসহ নানা উৎসাহ উদ্দীপনায় মেতে উঠতে দেখা যায়।

সমর্থকদের ভাষ্য, গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে। এমন প্রত্যাশা থেকেই তাদের এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়ান হবে।

Advertisement

আর্জেন্টিনা সমর্থক সানি যুবায়ের বলেন, ‘সব দলকে সম্মান করি। আর্জেন্টিনা সমর্থকরা ভদ্র হয়। ভোর চারটায় খেলা অনুষ্ঠিত হবে। ছোটোকাল থেকে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা।’

শোভাযাত্রা আয়োজকদের একজন আরেফিন মাহমুদ কায়েস বলেন, ‘ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার একটি ম্যাচ দেখতে চাই। ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াই হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফাইনাল।’

এন কে বি নয়ন/এসজেডএইচ/জেআইএম

Advertisement