তুরস্কের কাছে ‘এফ-৩৫’ ফাইটার জেট বা যুদ্ধবিমান বিক্রি না করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে এই শক্তিশালী যুদ্ধবিমান দেয়, তবে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে ও এই অঞ্চলে ইসরায়েলের আকাশসীমার আধিপত্যকে হুমকির মুখে ফেলতে পারে। সোমবার (৬ জুলাই) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
Advertisement
নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দিকে ইঙ্গিত করে বলেন, তুরস্ক একটি বড় দেশ, কিন্তু এটি এমন একজন মানুষ দ্বারা শাসিত হচ্ছে, যিনি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানান। তিনি আবার সাইপ্রাসের অর্ধেক অংশ দখল করে রেখেছেন, যা একটি ন্যাটো সদস্য দেশ। এরদোয়ান গ্রিসকেও হুমকি দিচ্ছেন, যা আরেকটি ন্যাটো সদস্য দেশ ও তিনি প্রকাশ্যে জেরুজালেম জয় করার কথা বলেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু তুরস্কে মুসলিম ব্রাদারহুড সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি এবং প্রভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন যে- আঙ্কারার নেতৃত্ব মূলত ‘মুসলিম ব্রাদারহুড’ দ্বারা সংক্রমিত একটি শাসনব্যবস্থা। তিনি আরও বলেন, এই শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে ও যুক্তরাষ্ট্রকে ধ্বংসের স্লোগান দেয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী যোগ করেন, আঙ্কারাকে এফ-৩৫ যুদ্ধবিমান বা এর ইঞ্জিন দেওয়া হলে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বিঘ্নিত করবে, যা মূলত ইসরায়েলের আকাশসীমার আধিপত্য ও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানের দ্বারা নিশ্চিত করা হয়েছে।
Advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেন আঙ্কারাকে এফ-৩৫ পেতে কোনো সহায়তা না করেন, তার আরও কারণ হিসেবে নেতানিয়াহু হামাসের প্রতি তুরস্কের সমর্থন ও ইরানের ইসলামিক সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন। উল্লেখ্য, চলতি সপ্তাহে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালীন এরদোয়ানের সাথে ট্রাম্পের সাক্ষাৎ করার কথা রয়েছে।
ট্রাম্পের সঙ্গে সম্পর্ক অবনতির দাবি প্রত্যাখ্যান
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক অবনতি বা টানাপোড়েনের সমস্ত দাবি অস্বীকার করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ফক্স নিউজকে বলেন, আমরা প্রায় সব বিষয়েই একমত ও আমরা একে অপরের সেরা মিত্র।
উভয়ের মধ্যে কিছুটা উত্তেজনার ইঙ্গিত দেওয়া ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু তা উড়িয়ে দিয়ে বলেন, প্রেসিডেন্টের নিজস্ব কিছু বিষয় প্রকাশের ধরণ রয়েছে এবং আমারও রয়েছে।
Advertisement
নেতানিয়াহু ফক্সকে আরও জানান যে, শুক্রবার (১০ জুলাই) ট্রাম্পের সঙ্গে তার যে আসন্ন বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছিল, সেটির জন্য তিনি এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেননি। তবে তিনি আশা প্রকাশ করেন যে, এই বৈঠকের সময় তিনি ইসরায়েল-লেবানন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে পারবেন, যা মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির বাস্তবায়নকে আরও এগিয়ে নিয়ে যাবে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
এসএএইচ