পর্তুগালের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত জানান তিনি।
Advertisement
ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, পরাজয় সত্ত্বেও নিজের দলের পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত। তিনি বলেন, ‘খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ব করতে পারি। তারা হৃদয় উজাড় করে খেলেছে। আমার মনে হয়, এটি বিশ্বকাপে আমাদের সেরা ম্যাচ ছিল। প্রথমার্ধে নুনো মেন্ডেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। বলটি যদি জালে যেত, তাহলে ম্যাচের গল্প ভিন্ন হতে পারতো। আমার বিশ্বাস, আমার খেলোয়াড়রা অন্তত অতিরিক্ত সময়ে খেলার যোগ্য ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা খুব ভালোভাবে আত্মরক্ষা করেছি এবং দারুণ আগ্রাসী ছিলাম। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলের বিপক্ষে সমানতালে লড়েছি। আক্রমণে শুধু একটু ভাগ্যের অভাব ছিল। ম্যাচটি যে কোনো দিকেই যেতে পারতো।
ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারেও একই সুরে কথা বলেন মার্টিনেজ, ‘আমার মনে হয় ড্র এবং অতিরিক্ত সময়ই ম্যাচের ন্যায্য ফল হতো। কিন্তু তারা প্রথম স্পষ্ট সুযোগ থেকেই গোল করেছে। স্পেনকে অভিনন্দন। একই সঙ্গে আমার খেলোয়াড়দেরও অভিনন্দন, কারণ আমরা যেভাবে হেরেছি, তা নিয়েও গর্ব করার মতো অনেক কিছু আছে।’
Advertisement
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে তিনি বলেন, ‘নুনো মেন্ডেস এবং পরে নেলসন সেমেদো তাকে খুব ভালোভাবে সামলেছে। সে আমাদের জন্য বড় কোনো সমস্যা তৈরি করতে পারেনি। তবে শেষ তৃতীয়াংশে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’
সবচেয়ে বড় ঘোষণা আসে সংবাদ সম্মেলনের শেষদিকে। ২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগালের দায়িত্ব নেওয়া মার্টিনেজ জানান, এটাই ছিল তার শেষ ম্যাচ।
মার্টিনেজ বলেন, ‘আজ আমার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং এর মধ্য দিয়েই একটি অধ্যায়ের সমাপ্তি হলো। এখন দলের জন্য নতুন কণ্ঠস্বর দরকার। আমি সারা জীবন পর্তুগালকে বিশ্বচ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখেছি। বিশ্বকাপ জিততেই এখানে এসেছিলাম। যেহেতু সেই লক্ষ্য পূরণ করতে পারিনি, তাই আর এই দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ নেই।’
পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি, মার্টিনেজের উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ কোচ হোর্হে হেসুসকে নিয়োগ দেওয়া হতে পারে।
Advertisement
আরআর/এসকেডি/এসএনআর