আইন-আদালত

উগ্রবাদী সন্দেহে গ্রেফতার ২ জন ফের রিমান্ডে

উগ্রবাদী কার্যক্রমে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আটক ছয়জনের মধ্যে শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, তিন দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানার মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) এ বি সিদ্দিক দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী মো. সাদ্দাম হোসেন জামিন আবেদন করেন।

শুনানিকালে আদালত বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ড চেয়েছে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার প্রমাণ না মিললে আসামিরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সুবিধা পাবেন। পরে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অন্য চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

Advertisement

মামলার নথি অনুযায়ী, গত ৫ জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার মিনি কক্সবাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশে প্রশিক্ষণের জন্য কয়েকজন জড়ো হয়েছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, পুলিশ উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা সেখানে সমবেত হওয়ার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক অনুসন্ধানে তাদের উগ্রবাদী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহ হওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এমডিএএ/এএমএ

Advertisement