খেলাধুলা

‘আন্ডারডগ হয়েই ব্রাজিলকে হারিয়েছি’ ইংল্যান্ডকে হুঁশিয়ারি নরওয়ের

 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তিনি মনে করেন, আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও তার দল আবারও চমক দেখাতে পারে।

Advertisement

আর্সেনালের এই মিডফিল্ডার বলেন, ‘আমরা জানি ইংল্যান্ড কতটা শক্তিশালী দল। তাদের দলে অসাধারণ ও বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। বর্তমানে তারা বিশ্বের অন্যতম সেরা জাতীয় দল। তাই এটি আমাদের জন্য বড় পরীক্ষা হবে।’

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের উদাহরণ টেনে ওডেগার্ড বলেন, তখনও নরওয়েকে কেউ এগিয়ে রাখেনি, ‘ব্রাজিলের বিপক্ষেও আমরা আন্ডারডগ ছিলাম। কিন্তু ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং কী করতে পারি, সেটাই দেখার অপেক্ষা।’

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কারণে ইংল্যান্ডের অনেক ফুটবলারের সঙ্গে নরওয়ের খেলোয়াড়দের পরিচিতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি, ‘আমাদের অনেকেই ইংল্যান্ডে খেলি। তাই তাদের অনেক খেলোয়াড়কে ভালোভাবেই চিনি। তবে শুধু ব্যক্তিগত লড়াই নয়, পুরো দল হিসেবে প্রস্তুত থাকতে হবে। প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে হবে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি যে আমরা একটি ভালো দল। আবারও আমরা আন্ডারডগ, কিন্তু ফুটবলে সবকিছুই সম্ভব।’

কোয়ার্টার ফাইনালের আগে নরওয়ে ফ্লোরিডায় অনুশীলন করছে। যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়া নিয়ে ওডেগার্ড বলেন, ‘আমরা নরওয়ে থেকে এসেছি, তাই এমন আবহাওয়ায় অভ্যস্ত নই। তবে আমরা অনেক দিন ধরেই এখানে আছি এবং এখন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। একটি ম্যাচে কিছুটা ক্র্যাম্প হয়েছিল, কিন্তু এরপর আর কোনো বড় সমস্যা হয়নি।’

ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন তিনি।

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে জিতিয়ে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন হালান্ড। তাই ইংল্যান্ডের রক্ষণভাগের সামনে এবারও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

Advertisement

শনিবার রাতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

আরআর/এমএমআর