বিনোদন

‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হিরো আলম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠন। সেই তালিকায় নাম আছে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমেরও। খবরটি প্রকাশের পর জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

Advertisement

আজ (২৬ জুলাই) রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। অভিযোগকারী অন্যরা হলেন- সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন, জুলাইয়ে আহত আবু বকর ছিদ্দিক ওরফে তুহিন ফরাজী।

অভিযোগ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি জুলাই আন্দোলনের সময় কোথায় ছিলাম, কী করেছি এবং কোন কোন স্থানে উপস্থিত ছিলাম সেসবের প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ, ছবি এবং অন্যান্য প্রমাণ আমার কাছে আছে। তাই আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা, ভিত্তিহীন বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো অভিযোগ আনে, অথবা কোনো ভুয়া বা বিকৃত ফুটেজ প্রচার করে আমাকে জড়ানোর চেষ্টা করে, তাহলে আমি তা আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করব।’

আরও পড়ুন সাতক্ষীরা-৪ / গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

ক্ষুব্ধ, বিরক্ত আলম আরও বলেন, ‘আমি সত্য ও প্রমাণের ভিত্তিতেই কথা বলি। আমার কাছে থাকা সব তথ্য-প্রমাণ প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত। আমি আশা করি, কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। যদি এমন কোনো অপচেষ্টা করা হয়, তাহলে আমি আমার আইনগত অধিকার প্রয়োগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

Advertisement

অভিযুক্ত অন্যরা হলেন অভিনেতা আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান, সাজু খাদেম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, হিরো আলম, সুজাতা আজিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, মোমিন মেহেদী ও সোমা ইসলাম।

অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত এসব তারকা। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে এ অভিযোগ দাখিল করেছি।

এমআই/আরএমডি

Advertisement