জাতীয়

গণপিটুনির পর অস্ত্র-গুলিসহ আটক ব্যক্তি, পরিবারের দাবি পরিকল্পিত

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। তাকে জনতার থেকে উদ্ধার করে তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি ও সুইচ গিয়ার জব্দ করেছে পুলিশ।

Advertisement

খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, নন্দীপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আটকে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ৪০-৫০ জন মিলে তাকে ঘিরে রেখেছিল ও সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিল।

আরও পড়ুন মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৪

তিনি আরও বলেন, সোহেলের কাছ থেকে গুলিসহ দেশীয় পিস্তল ও সুইচ গিয়ার চাকু পাওয়া যায়। পুলিশ সেগুলো আলামত হিসেবে জব্দ করে। সোহেলকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বিকেলের দিকে মেডিকেল থেকে নিয়ে যায় পুলিশ।

সোহেলের স্ত্রী তারিনের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে তার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, আমার স্বামী ইট-বালু সরবরাহকারী ঠিকাদার। আমরা পশ্চিম নন্দীপাড়ার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে স্থানীয় খোকন, কাওসার, মাসুম ও তাদের বাবার সঙ্গে সোহেলের ব্যবসায়িক বিরোধ চলছিল। এর আগেও প্রতিপক্ষরা তাকে বেশ কয়েকবার হুমকি দিয়েছিল। পরিকল্পিতভাবে ডেকে নিয়ে সোহেলকে পিটিয়ে আহত করা হয় এবং পরবর্তীতে তার কাছে অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এএমএ