মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
Advertisement
সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ড. খলিলুর রহমান। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।
আরও পড়ুন মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ, সার্ক নিয়ে আলাপকুচকাওয়াজে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) বিভিন্ন শাখার সদস্যরা আনুষ্ঠানিক মার্চপাস্ট ও বিভিন্ন কুচকাওয়াজ প্রদর্শন করেন। এতে দেশটির শৃঙ্খলা, ঐতিহ্য এবং জাতীয় গৌরবের প্রতিফলন ঘটে।
Advertisement
পরে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী স্বাধীনতা দিবসের আয়োজন মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনের মধ্যদিয়ে শেষ হয়।
এর আগে সকালে মালেতে লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর উদ্যোগে শুরু হওয়া ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রজেক্টের’ আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান।
এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং দেশটির জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী আলী শরিফ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির সবুজায়ন সম্প্রসারণে প্রেসিডেন্ট মুইজ্জুর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকারও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের একটি কর্মসূচি বাস্তবায়ন করছেন।
Advertisement
তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের এই দুটি উদ্যোগ পরিবেশগত টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত রাখার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে সৌদি আরবের আরাফাতের ময়দানে বিপুল সংখ্যক নিম গাছ রোপণের বিষয়টিও স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে গাছগুলো ‘জিয়া ট্রিজ’ নামে পরিচিত।
মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে বর্তমানে মালদ্বীপ সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ইএ