দেশজুড়ে

মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেছে নারী ও শিশুসহ দুজনের। রোববার (২৬ জুলাই) উপজেলার গাওদিয়া ও বৌলতলী ইউনিয়নে আলাদা সময়ে এ দুটি ঘটনা ঘটে। আকস্মিক এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও এলাকাজুড়ে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ী গ্রামের বাসিন্দা মিহিতা আক্তার (ববি) (৩৪) বেলা সাড়ে ১১টার দিকে কাপড় ধোয়া শেষে, পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে ডুবে নিখোঁজ হন।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিহিতা কৃষক ও গবাদিপশু পালনকারী শরিফ শিকদারের স্ত্রী।

নিহতের বড় জা আইরিন আক্তার বলেন, মিহিতা আক্তার কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে-মধ্যেই তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণেই নদীতে নামার পরে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুন জামালপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় আওলাদ শেখের মেয়ে।

পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, পানিতে ডুবে দুজনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুভ ঘোষ/এসজেডএইচ/এএসএম

Advertisement