আন্তর্জাতিক

‘আজাদি স্লোগান দিলে কেউ যেন সোজা হয়ে বাড়ি ফিরতে না পারে’

 

পশ্চিমবঙ্গে বামপন্থি সংগঠনগুলোর সমাবেশ বা মিছিলে প্রায়ই ছন্দ মিলিয়ে স্লোগান দেওয়া হয়—‘দেশ মাঙ্গে আজাদি’, ‘লোক মাঙ্গে আজাদি’, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’। এবার এই স্লোগানের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য। কলকাতায় থেকে আজাদি স্লোগান দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

রোববার (২৬ জুলাই) কলকাতার এক অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি বলেন, রাস্তায় প্রকাশ্যে দেশভাগ বা কাশ্মীরকে বিচ্ছিন্ন করার স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না। কিছুদিন আগে আজাদি স্লোগান দিয়ে কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করতে কলকাতার পথে নেমেছিল। যেখানে সাংবাদিক এবং পুলিশও আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন কলকাতায় বামপন্থিদের মিছিলে মানুষের ঢল, মোদীবিরোধী স্লোগান

শমীক ভট্টাচার্য বলেন, ‘ভারত তেরে টুকরে হোঙ্গে’—এসব কথা রাস্তায় বললে পুলিশ খুব মারবে। পুলিশকে বলব, এসব কথা যারা বলবে, তারা যেন সরাসরি সোজা হয়ে বাড়ি ফিরে যেতে না পারে। কলকাতায় আজাদি বললে যাতে পিজি হাসপাতাল বা এনআরএস হাসপাতালের ইমার্জেন্সি ঘুরে বাড়ি যেতে হয়।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে নতুন করে চরমপন্থা মাথাচাড়া দিয়েছে। কিছু মানুষ পুলিশকে আক্রমণ করছেন। ভারতের টুকরা করার কথা সরাসরি বলতে পারছে না, কিন্তু ‘আজাদি আজাদি’ বলছে এবং ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গে এসব চলবে না। কারণ, এ রাজ্যে এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী মানুষ রয়েছেন।

Advertisement

আরও পড়ুন কলকাতায় আন্দোলনকারীদের চিহ্নিত করা হচ্ছে, গুন্ডা দমন আইনে মামলা

তার কথায়, শ্যামাপ্রসাদ কাশ্মীর থেকে কন্যাকুমারীর অখণ্ডতার স্বপ্ন দেখিয়েছিলেন। সেই অখণ্ডতায় যারা আঘাত আনতে চায়, এমন দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে এবং পাকিস্তানপন্থিদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে। আগ্রাসনের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। যে যা খুশি করুক, দেশকে টুকরো করতে চাইলে আইনের বাইরে গিয়ে হলেও জবাব দিতে হবে।

শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ। তার মতে, রাজ্য বিজেপির সভাপতি এমন হুমকি দিতে পারেন না। দেশবিরোধী কথা বললে আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তবে তার জন্য হাসপাতালে পাঠানোর হুমকি সরাসরি নৈরাজ্য ছড়ায়।

ডিডি/কেএএ/

Advertisement