মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা রয়েছে।
Advertisement
সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিশনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হতে পারে।
এর আগে গত ১৯ জুলাই চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। সেখানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক এক সেনাপ্রধান, সাবেক এক আইজিপিসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে মিলেছে। আমরা সেটি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রস্তুত করবো।
আরও পড়ুন শাপলা চত্বরে ৬১ জনকে হত্যার তথ্য মিলেছে, শনাক্ত ৫৮: চিফ প্রসিকিউটরতিনি বলেন, আমরা তদন্তের খসড়া প্রতিবেদন হাতে পেয়েছি। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে এতে আসামি করা হয়েছে। এছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন- একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর। সেই সঙ্গে তৎকালীন পুলিশ ও র্যাব প্রধানকে এতে আসামি করা হয়েছে।
Advertisement
ওইদিন আমিনুল ইসলাম আরও বলেন, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এদিকে শাপলা চত্বরে সমাবেশে হত্যা মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউশন কার্যালয়ে আসেন হেফাজতের শীর্ষ নেতাসহ ১৫-১৬ জনের একটি দল। গত ১৯ জুলাই দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের (মধুপুর পীর সাহেব) নেতৃত্বে প্রতিনিধিদলটি চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।
আরও পড়ুন শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামি ৪০ জনের বেশিএর মধ্যে গত শনিবার (২৫ জুলাই) এক পরামর্শ সভায় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে।
Advertisement
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে- রং মেখে সেখানে আহত-নিহতের ঘটনা সাজানো হয়েছে। দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। অনেক টেলিভিশন চ্যানেল ফুটেজ ধারণ করলেও সম্প্রচার করেনি। তারপরও আমরা ঘটনার তদন্ত করতে সক্ষম হয়েছি।
এফএইচ/ইএ