চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২৬ জুলাই) বিকেলে রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে ডিবি ও ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুটি ৯ মিলিমিটার পিস্তল ব্রাজিলের তৈরি টরাস (Taurus) ব্র্যান্ডের। অস্ত্রগুলোর নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগারের। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় অস্ত্র দুটি থানা থেকে লুট হয়েছিল।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো হেফাজতে রাখা ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
এদিকে, শনিবার খুলশী এলাকায় মাদক মামলার আসামি মো. আলমগীরকে গ্রেফতার করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের আটটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি থেকে মোট ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হলেও এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশঙ্কা, উদ্ধার না হওয়া অস্ত্রগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।
এমআরএএইচ/এএমএ
Advertisement