সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Advertisement
আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারির আবেদন করা হলে ওই আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। এরপর মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।
ট্রাইব্যুনাল-২- এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রোববার (২৬ জুলাই) অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
Advertisement
জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যা করা হয়।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারে গুলি করার পর পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হয়েছিল শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে। তাকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। এতে সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ আসামি করা হয়েছে ১৯ জনকে।
এ সংক্রান্ত বিষয়ে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।
এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহজামান, সাবেক পরিদর্শক এ এফ এম সায়েদ, সাবেক এএসআই মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো. সুহেল মিয়া ও সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়া।
Advertisement
এ ছাড়া আসামি করা হয়েছে সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান, সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য মেহেদী হাসান তুষার, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যানের পিএস মো. রাজু আহম্মেদ, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামান খাঁন, ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান ও শরফ আশরাফুল আলমকে।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।
এফএইচ/এসএনআর