মেহেরপুর শহরে একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে এ জরিমানা করা হয়।
Advertisement
সোমবার (২৭ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, শহরের গিয়াস মিষ্টান্ন ভান্ডারে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ৩০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
Advertisement
ভোক্তাদের উদ্দেশ্যে মামুনুল বলেন, যেকোনো মিষ্টি বা খাদ্যপণ্য কেনার সময় অবশ্যই ক্রয়ের রশিদ সংগ্রহ করতে হবে। কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে বিলম্ব না করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, স্যানিটারি অফিসার তরিকুল ইসলাম এবং জেলা ক্যাবের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
আসিফ ইকবাল/এসজেডএইচ/এএসএম
Advertisement