২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ওঠা নানা বিতর্কের জবাবে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচকদের উদ্দেশে তিনি বলেছেন, তারা ‘ঘৃণায় এতটাই আচ্ছন্ন’ যে বিশ্বকাপের আনন্দ, ঐক্য এবং ফুটবলের প্রকৃত সৌন্দর্যই দেখতে পাননি।
Advertisement
বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফিফার আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে প্রকাশিত এক দীর্ঘ বার্তায় ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপের আয়োজনকে জোরালোভাবে সমর্থন করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু সমালোচক ও সাংবাদিক টুর্নামেন্টজুড়ে ‘ঘৃণা ও মিথ্যা গুজব’ ছড়াতেই ব্যস্ত ছিলেন।
ইনফান্তিনো লিখেছেন, ‘যারা শিশু, বাবা-মা, দাদা-দাদি এবং পরিবারের মানুষদের একসঙ্গে ফুটবলের আনন্দ উপভোগ করতে দেখেননি, তাদের জন্য আমার দুঃখ হয়। ম্যাচগুলো শেষ হয়ে গেছে, কিন্তু আপনারা সেই আনন্দ ও ঐক্যের মুহূর্তগুলোই মিস করেছেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা ঘৃণা আর সমালোচনায় এতটাই ডুবে ছিলেন যে ফুটবল মানুষের মধ্যে কীভাবে বন্ধন তৈরি করেছে, তা দেখতে পাননি।’
Advertisement
ইনফান্তিনো সাংবাদিক ও সমালোচকদের উদ্দেশে আরও বলেন, ‘যারা কলম, কাগজ কিংবা কম্পিউটারের পর্দার আড়াল থেকে ঘৃণা ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তারা হয়তো ভুলে গেছেন যে আমরা মাঠে থেকে কঠোর পরিশ্রম করে বিশ্বের সেরা ক্রীড়া আয়োজন উপহার দিয়েছি।’
তার দাবি, ২০২৬ বিশ্বকাপে কোনো সহিংসতা বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল এবং টুর্নামেন্টজুড়ে ছিল শুধুই আনন্দ ও উদযাপন।
ইনফান্তিনোর ভাষ্য অনুযায়ী, ২০০টিরও বেশি দেশ থেকে প্রায় ৭০ লাখ মানুষ বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করেন।
তিনি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সরকার, নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে এই বিশ্বকাপকে ‘ইতিহাসের সবচেয়ে অসাধারণ বিশ্বকাপ’ বলে উল্লেখ করেন।
Advertisement
বার্তার শেষদিকে ইনফান্তিনো সমালোচকদের উদ্দেশে বলেন, ‘যারা আমাদের ঘৃণা করতেই সময় ব্যয় করছেন, তারা একটু থামুন। আত্মসমালোচনা করুন, ধ্যান করুন, প্রার্থনা করুন কিংবা একটি ফুটবল ম্যাচ দেখুন। মানুষের মুখ, চোখ আর আবেগগুলো লক্ষ্য করুন।’
তিনি শেষ করেন এই বার্তা দিয়ে, ‘ঘৃণার ঊর্ধ্বে উঠুক ফুটবল।’
এমএমআর