খেলাধুলা

হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ও মানবী শিরিন

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান ২৩ তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দুই শীর্ষ স্প্রিন্টার হতাশ করেছেন। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান এবং নারীদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী শিরিন আক্তার হিট থেকেই বিদায় নিয়েছেন।

Advertisement

সোমবার স্কটস্টাউন স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ইমরানুর নিজের গ্রুপে ৬ জনের মধ্যে তৃতীয় হয়েছেন। সামগ্রিকভাবে ৭৩ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান হয় ২৭তম।

ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেটের ক্যারিয়ারের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড হলেও আন্তর্জাতিক মঞ্চে এবার তার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিদায় নিয়েছেন ১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করে।

একই দিন নারীদের ১০০ মিটারে শিরিন আক্তার ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে নিজ হিটে সপ্তম হয়েছেন। মোট ৫৩ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ৪১তম। জাতীয় পর্যায়ে বারবার শিরোপা জয়ী শিরিনও হিট টপকাতে ব্যর্থ হয়েছেন।

Advertisement

গ্লাসগো গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের দল অংশ নিচ্ছে। অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকসে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। বক্সিংয়ে রকিব হোসেন কোয়ার্টার ফাইনালে উঠলেও অ্যাথলেটিকসে দুই শীর্ষ স্প্রিন্টারের ব্যর্থতা হতাশা বাড়িয়েছে।

আরআই/এমএমআর