হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
Advertisement
সোমবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর ১০(১) ধারা অনুযায়ী শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে হকৃবির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
শর্ত হিসেবে রয়েছে, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা অগ্রে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
Advertisement
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএইচ জাহিদ/এফএ/এএসএম