দেশজুড়ে

আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতা ফেলোশিপ পেলেন জাগো নিউজের রাজীব

আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকদের নেটওয়ার্ক আর্থ জার্নালিজম নেটওয়ার্ক (Earth Journalism Network-EJN) আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ে গভীরতাভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য ২০২৬ সালের রিপোর্টিং ফেলোশিপ’এ নির্বাচিত হয়েছেন জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজীব।

Advertisement

বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতায় অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন Earth Journalism Network (EJN) এই ফেলোশিপ পরিচালনা করে। সংস্থাটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান Internews এর একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের মানসম্মত ও গভীরতাভিত্তিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিবেদন তৈরিতে সহায়তা দিতে EJN নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ ও অনুদান প্রদান করে।

এই ফেলোশিপের আওতায় আহসানুর রহমান রাজীব বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ক একটি গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করবেন। নির্বাচনের বিষয়টি EJN এর এশিয়া প্যাসিফিক কার্যালয় থেকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন সাতক্ষীরা / উপকূলে লবণের কাছে হার মানছে আম-কাঁঠাল

উল্লেখ্য Earth Journalism Network (EJN) এর ফেলোশিপ আন্তর্জাতিক সাংবাদিক মহলে একটি স্বীকৃত ও সম্মানজনক সুযোগ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই ফেলোশিপের জন্য নির্বাচিত হন।

Advertisement

আহসানুর রহমান রাজীব বর্তমানে জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি ও এখন টেলিভিশনের রিপোর্টার হিসেবে সাতক্ষীরায় কর্মরত আছেন। এর আগে তিনি যমুনা টেলিভিশন ও এসএ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধির দায়িত্বে ছিলেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি উপকূল ও পরিবেশ সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। উপকূলীয় অঞ্চল, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, সুন্দরবন, জীববৈচিত্র্য, দুর্যোগ ও মানুষের জীবন-জীবিকা নিয়ে তার ধারাবাহিক প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। এর আগে তিনি জলবায়ু ও পরিবেশবিষয়ক একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ, কর্মশালা ও ফেলোশিপে অংশগ্রহণ করেছেন।

আহসানুর রহমান/এফএ/এএসএম