বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমনি। অভিনয়জীবনের প্রায় এক দশক পূর্ণ হতে চললেও ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে আলোচনায় থেকেছেন তিনি। সিনেমার সাফল্যের চেয়ে ব্যক্তিজীবন ও বিভিন্ন ইস্যুতে বেশি খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।
Advertisement
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার দিক থেকে এবার গড়লেন নতুন রেকর্ড।
ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশি তারকাদের মধ্যে দীর্ঘদিন শীর্ষে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে এবার তাকে ছাড়িয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক হয়েছেন পরীমনি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। আর সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে। দুই তারকার মধ্যে ব্যবধানটা ১০ লাখের।
Advertisement
এর মধ্য দিয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন পরীমনির দখলে।
গত বছরও দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে কিছু সময়ের জন্য আবার এগিয়ে যান সাকিব। তবে সর্বশেষ পরিসংখ্যানে পরীমনি এক মিলিয়ন অনুসারীর ব্যবধানে এগিয়ে গেছেন।
ফেসবুক কার্যক্রমেও রয়েছে পার্থক্য। সাকিবের পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের পেজ।
অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তার তালিকায় আছেন লিওনেল মেসির পাশাপাশি শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান ও টেলর সুইফটসহ দেশি-বিদেশি বহু তারকা।
Advertisement
উল্লেখ্য, পরীমনি বর্তমানে নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিভিন্ন ঘটনাতেও আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান।
এলআইএ