খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়-২৪ হলের অভিযুক্ত ক্যান্টিন কর্মীর শাস্তিসহ তিন দফা দাবি বাস্তবায়নে দেরি হওয়ায় সময়মতো সিলেবাস শেষ হবে কিনা, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরতে রাজি নন তারা।
Advertisement
গত ২২ জুলাই রাত ৯টা ৪৫ মিনিটে বিজয়-২৪ হলের মেয়েদের ওয়াশরুমে মোবাইল দিয়ে গোপনে ভিডিও করার সময় ইমাম হাসান নামে এক ক্যান্টিন কর্মীকে আটক করেন শিক্ষার্থীরা।
পরে ২৩ জুলাই সকালে এর বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এরপর ২৬ জুলাই প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তদন্ত স্বার্থে ভবনের তালা খুলে দেওয়া হয়। তবে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে এখনও কঠোর অবস্থানে আছেন শিক্ষার্থীরা।
Advertisement
এদিকে ঘটনার পাঁচ দিন পার হলেও শিক্ষার্থীদের প্রস্তাবিত দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। এতে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছুটির কারণে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ায় পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
এই উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একাধিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠু তদন্তের জন্য হল প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযুক্তের পরিচালিত হল ক্যান্টিনের বরাদ্দ বাতিল এবং হলের অভ্যন্তরে কর্মচারীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অপরাজিতা ও বিজয়-২৪ দুই ছাত্রী হলে কোনো পুরুষ কর্মী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রিভিউ আবেদন পেলে পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাময়িক বহিষ্কৃত শিক্ষক অধ্যাপক মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত উচ্চপর্যায়ের কমিটি এবং যৌন নিপীড়ন প্রতিরোধ কেন্দ্রের তদন্ত কমিটির দুটি তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়। সভায় তদন্তের অগ্রগতি তুলে ধরা হয় এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দীন বলেন, ‘শিক্ষার্থীদের তিন দফা দাবির পর আমরা লিখিত বিবৃতি দিয়েছিলাম, যেখানে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ হলেই সিন্ডিকেট সভা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
Advertisement
তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব সিন্ডিকেট আহ্বান করার আগেই আমরা তদন্ত প্রতিবেদন পেশ করব। যত দ্রুত সম্ভব এই সপ্তাহের ভেতর সিন্ডিকেট আহ্বান করব। আশা করছি, যথাসময়ে তদন্ত প্রতিবেদন পেশ করতে পারব।’
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্টের জবাবদিহি নিশ্চিত করা। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষক ড. রুবেল আনসার ও অধ্যাপক মো. রেজাউল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল করা।
কেজে/এএসএম