ব্যবসায়ীদের নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
Advertisement
সোমবার (২৭ জুলাই) স্থানীয় একটি মিলনায়তনে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান: ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম বিজনেস ফোরাম (সিবিএফ) আলোচনা সভাটির আয়োজন করে।
সিবিএফ সভাপতি শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, জামায়াতের চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমদ শান্তর মা মোছাম্মত কোহিনূর আক্তার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সিবিএফের সহ-সভাপতি জালাল উদ্দীন আকবর।
আরও পড়ুন নিয়োগে দলীয়করণের অভিযোগ, ইসিতে শামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াতনজরুল ইসলাম বলেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। এই অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল ব্যবসা-বাণিজ্যে সুশাসন প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের নিরাপত্তা, বিনিয়োগবান্ধব পরিবেশ ও নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। ব্যবসায়ী সমাজকে শুধু মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশ গঠনের দায়িত্বও পালন করতে হবে।
Advertisement
তার মতে, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথিরা বলেন, জুলাই অভ্যুত্থান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এমডিআইএইচ/একিউএফ
Advertisement