আইন-আদালত

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলার অভিযোগ: চার আসামির তিনদিনের রিমান্ড

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন—মোস্তাকিম হোসেন (৫১), নূর আলম (৩৫), রুহুল আমিন (২৯) ও আনোয়ার হোসেন (৪৮)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন এই চার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এ উপলক্ষে পলকসহ কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয়।

Advertisement

আরও পড়ুন আদালতে পলক / ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই

শুনানি শেষে পলককে প্রিজনভ্যানে তোলার সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেট এলাকায় নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সদস্য ও সমর্থক পরিচয়ে কয়েকজন সেখানে জড়ো হন। অভিযোগ রয়েছে, তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে আদালত এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিদের একটি অংশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়। তবে আরও প্রায় এক থেকে দেড়শো জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার মূল পরিকল্পনাকারী, পলাতক আসামিদের অবস্থান, অর্থের জোগানদাতা এবং এর পেছনে জড়িতদের শনাক্ত করতে গ্রেফতার চার আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ যুক্তি বিবেচনায় নিয়ে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এমডিএএ/এমকেআর