রাজধানীর মিরপুর কলেজের দেওয়াল ধসে টিসিবির পণ্য নিতে আসা দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
Advertisement
নিহতদের মধ্যে একজন নারী। নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ এর জনতা হাউজিংয়ের বাসিন্দা।
নিহত অন্যজনের (৪০) নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
Advertisement
ওসি হাফিজুর রহমান বলেন, দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে। তখন সেখানে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়ানো কয়েকজন দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে এক নারীর মৃত্যু হয়। এছাড়া ৬-৭ জন এ ঘটনায় আহত হয়েছেন।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গুরুতর আহত মোছা. রাজিয়া বেগমের (৫৫) জামাতা মোহাম্মদ রুবেল জানান, তার শাশুড়ি টিসিবির পণ্য নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় মিরপুর কলেজের দেওয়াল ধসে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে অজ্ঞাতপরিচয় একজনকে (৪০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। রাজিয়া বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
রুবেল আরও জানান, তার শাশুড়ি রাজিয়া বেগম বরিশালের মুলাদী থানার দক্ষিণ কাজীরচর এলাকার প্রয়াত নুরু মিয়ার স্ত্রী। বর্তমানে মিরপুর ১০ এলাকায় থাকেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলে নিয়ে আসা দুজনের মধ্যে অজ্ঞাতপরিচয় একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার মরদেহ মর্গে রাখা আছে।
Advertisement
কেআর/কেএজেডআইএ/এমএমকে