জাতীয়

টাকা ধার দিতে না পারায় প্রেমিকের বকা, গলায় ফাঁস কিশোরীর

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে টাকা ধার দিতে না পরায় প্রেমিকের বকাঝকার শিকার হয়ে এক কিশোরী গলায় ফাঁস দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম মমিনবাগের সিলেটি বাজারের কবিরের গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে ওই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর নাম মোছা. ফাতেমা আক্তার (১৩)। সে রংপুরের পীরগাছা উপজেলার বামুন সরদার এলাকার মো. আব্দুল মজিদ মিয়ার মেয়ে। পরিবারটি কবিরের গলিতে ভাড়া বাসায় থাকে। ফাতেমা স্থানীয় একটি গেঞ্জি কারখানার শ্রমিক ছিল। তার বাবা দিনমজুর এবং মাও কাজ করেন।

আরও পড়ুন বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

ফাতেমাকে হাসপাতালে নিয়ে আসা বাবা আব্দুল মজিদ বলেন, ‘কারখানার এক ছেলের সঙ্গে আমার মেয়ের প্রেম হয়। ওই ছেলে তার কাছে কিছু টাকা ধার চায়। আমার মেয়ে বলে, ‘আমি গরিব মানুষ, কত টাকা বেতন পাই? এত টাকা কোত্থেকে দেব?’ এ নিয়ে ওই ছেলে আমার মেয়েকে বকাঝকা করে। এতে সে অভিমান করে রুমে কাঠের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে লালবাগের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ