অর্থনীতি

মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে সায় সরকারের

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল স্থাপনের লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রস্তাব জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে চীনা কোম্পানির প্রস্তাবটি সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) ও ১০৭(২) বিধি অনুযায়ী জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

কমিটির সুপারিশ অনুযায়ী, এ প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে জিটুজি কাঠামোর আওতায় প্রকল্পটির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Advertisement

বর্তমানে দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। যার একটি টার্মিনাল পরিচালনা করে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি আর অন্যটি বেসরকারি কোম্পানি সামিট।

এমএএস/এমকেআর