দেশজুড়ে

ফরিদপুরে ঘুস নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সেবা দেওয়ার বিনিময়ে ঘুস নেওয়ার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নগরকান্দা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সারোয়ার হোসেনের বিরুদ্ধে গত ১৭ জুলাই অফিস চলাকালে এক সেবাগ্রহীতার কাছ থেকে অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন জাগো নিউজে সংবাদ প্রকাশ / ফরিদপুরে ঘুস নেওয়া ভূমি কর্মকর্তা সরোয়ারকে শোকজ

এ ঘটনায় মঙ্গলবার তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

Advertisement

অফিস আদেশে বলা হয়েছে, উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে সারোয়ার হোসেনকে ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুস’ নেওয়ার ভিডিও ভাইরাল

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, অভিযুক্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে কারণ দর্শানো এবং মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। তবে তার কর্মকাণ্ডে সরকারি সেবার প্রতি জনআস্থা ক্ষুণ্ন হয়েছে। ভূমি অফিসের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস বলেন, ঘুস নেওয়ার অভিযোগে ওই কর্মকর্তাকে ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

Advertisement