ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এক শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ভবনের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
Advertisement
নির্মাণকাজের ঠিকাদার মো. হাসান জানান, শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা অনুসরণ না করে ভবনের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে।
ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। শ্রমিকদের সিঁড়ি দিয়ে রড নামানোর নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, মরদেহ পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে স্পর্শ লেগে তারা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Advertisement
হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম