রাজধানীর মিরপুরে দেওয়াল ধসে হতাহতের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
Advertisement
বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এ দাবি জানান।
তিনি আক্ষেপ করে বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও টিসিবির পণ্যের জন্য মানুষের যে ব্যকুলতা তা আমাদের সামগ্রিক দারিদ্র্যতার নগ্ন প্রকাশ হয়ে আছে। রাষ্ট্র এখনো মানুষের নিরাপদ ও স্বচ্ছন্দ খাবার নিশ্চিত করতে পারেনি। পুষ্টিসম্মত খাবার দূরের কথা বেঁচে থাকার মতো খাবার জোগাড় করতেই নাগরিকদের সংগ্রাম করতে হয়। কম মূল্যের খাবার সংগ্রহ করতে গিয়ে নাগরিকের মুত্যু এই সংবাদ দেশের সামষ্টিক ব্যর্থতার একটি উৎকট দৃষ্টান্ত হয়ে থাকবে।’
ফজলে বারী মাসউদ বলেন, ২০১৪ সালে নির্মিত একটি দেওয়াল ভেঙে পড়ার অর্থই হলো, এখানে দুর্নীতি হয়েছে। ঢাকা সিটি করপোরেশন উত্তর বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করেছে। আশা করি, এই তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখবে এবং সেই প্রতিবেদনের সুপারিশ অনুসারে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক এম শরিয়াতুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/এমআইএইচএস