পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মহম্মদবাজার এলাকায় এক পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি সোনা ও প্রায় ৬ কোটি রুপি নগদ উদ্ধার করেছে রাজ্য পুলিশ।
Advertisement
বুধবার (২৯ জুলাই) ভোরে মহম্মদবাজার থানার ডেউচা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মিনার মণ্ডলের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সাবেক সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে নাজিমুদ্দিনের অবৈধ পাথর ও বালু ব্যবসার অর্থ মিনার মণ্ডলের বাড়িতে রাখা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তল্লাশির সময় একটি আলমারিতে রাখা কয়েকটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থ গণনার জন্য ঘটনাস্থলে টাকা গণনার মেশিন আনা হয়। জব্দ করা নগদ অর্থ ও সোনা বহনের জন্য ব্যবহার করা হয় পাঁচটি বড় ট্রাঙ্ক।
Advertisement
অভিযান চলাকালে ঘটনাস্থলে বিপুলসংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
তবে উদ্ধার হওয়া অর্থ ও সোনার উৎস কিংবা এর সঙ্গে অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাজ্য পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
এদিকে, এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয় শঙ্কর মণ্ডল বলেন, বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ উদ্ধারের ঘটনায় এর উৎস খুঁজে বের করা প্রয়োজন। তার দাবি, বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনতে হবে।
ডিডি/এমএসএম
Advertisement