বাংলাদেশ ক্রিকেট দলের মেডিকেল বিভাগে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাসের ইনজুরি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে ইতোমধ্যে সিলেক্টর ও মেডিকেল বিভাগকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। পাশাপাশি হাসপাতাল পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
Advertisement
বুধবার বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তামিম। মেডিকেল বিভাগের জবাবদিহিতা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘লিটন দাসের ইনজুরি নিয়ে নির্বাচক এবং মেডিকেল ডিপার্টমেন্টকে শোকজ করা হয়েছে। লিটন কেন জিম্বাবুয়ে গেল যদি সে ফিট না থাকে, সেই জবাবদিহিতা চাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি কাজ ঠিকমতো না করে, তাকে জবাবদিহি করতে হবে। অতীতে সিলেক্টর বা ফিজিওদের শোকজ করার কালচার ছিল না, কিন্তু এখন সেটি হচ্ছে। মেডিকেল ডিপার্টমেন্টকে আরও এফিশিয়েন্ট হতে হবে। আমরা রিহ্যাব ম্যানেজার হিসেবে মারিও ভিলাভারায়ানকে আবার ফিরিয়ে আনছি।’
তামিম জানান, শুধু ব্যক্তি নয়, পুরো মেডিকেল ব্যবস্থাপনাই নতুন করে মূল্যায়ন করা হচ্ছে।
Advertisement
তিনি বলেন, ‘অবশ্যই আমাদের ম্যানেজমেন্টকে আরও উন্নতি করতে হবে। এমআরআই রিপোর্টিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি রিপোর্টিং ভুল হয়, তাহলে ফিজিওরও কিছু করার থাকে না। তাই আমরা হাসপাতাল পরিবর্তন করা বা আরও কিছু অপশন হাতে রাখার কথা ভাবছি। মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে হাসপাতালের একটি তালিকা করতে বলা হয়েছে।’
এসকেডি/আইএইচএস