কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ মাদকবিরোধী অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
Advertisement
এসময় অভিযুক্ত গাঁজাসেবী মনজু আলম (৫৫) পালানোর চেষ্টা করলে তাকে ধরতে গিয়ে তার কামড়ে দুই যুবক আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনজুকে আটক করেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় মনজুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও বিজিবি। মনজু ওই এলাকার মৃত নজির উদ্দিনের ছেলে।
Advertisement
পুলিশ ও বিজিবি জানায়, অভিযানে বাড়ির আঙিনায় থাকা প্রায় ১৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনজু পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে ধরে ফেলেন। নিজেকে ছাড়িয়ে নিতে মনজু তাদের হাতে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবির সদস্যরা তাকে আটক করেন। এসময় মনজুর কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।
রোকনুজ্জামান মানু/এসআর/জেআইএম
Advertisement