রাজনীতি

সংস্কার ও গণভোট বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ: মু. শাহজাহান

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের রায় কার্যকরে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রীয় সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিকল্প নেই। গণভোটের রায় বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ।

Advertisement

বুধবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহ আমানত সেতু সড়ক চত্বরে আয়োজিত ‘জুলাই বিপ্লব’ স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই বিপ্লব কেবল ক্ষমতার পরিবর্তনের আন্দোলন ছিল না বরং রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তনের আন্দোলন।

Advertisement

তিনি দাবি করেন, জনগণের কল্যাণে সরকার কাজ করলে জামায়াত সহযোগিতা করবে, তবে জনগণের স্বার্থবিরোধী বা ফ্যাসিবাদী কোনো কর্মকাণ্ডকে সমর্থন করবে না।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, আমিরে জামায়াত ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে শাহজাহান বলেন, এ ধরনের প্রবণতা শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

তিনি সংবিধান সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন।

Advertisement

সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, আদালতের রায়ের মাধ্যমে গণভোটের সাংবিধানিক ভিত্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব।

যশোরে জামায়াতের এক সংসদ সদস্যের বাড়িতে এবং হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না।

এসময় দাড়ি-টুপি পরিহিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা আবরার হোসাইন রিয়াদ।

এমআরএএইচ/বিএ