রাজনীতি

বিএনপির নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজনীতির মাঠে গালিগালাজ বা উসকানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করা গ্রহণযোগ্য নয়। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, বিএনপি বা বিএনপির নেতাকর্মীরা জীবিত থাকা অবস্থায় তা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না।

Advertisement

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ জুলাই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

আরও পড়ুন সমাজকল্যাণমন্ত্রীকে নানা বাড়ির দিকে নজর দিতে বললেন স্পিকার

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাকস্বাধীনতা মানে অবারিত স্বাধীনতা নয়। কাউকে ম্যালাইন করা, তুচ্ছতাচ্ছিল্য করা বা সম্মানহানি করা গণতন্ত্রের শিক্ষা নয়। ভাষা ও বক্তব্যে সংযত হওয়া উচিত।

Advertisement

তিনি বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসনের মিশন নিয়ে নেমেছেন, তাদের উদ্দেশে বিএনপি স্পষ্ট ভাষায় বলতে চায়—বিএনপির ইতিহাস আপোষকামিতার ইতিহাস নয়, পলায়নপরতার ইতিহাস নয়; বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিরোধ করার ইতিহাস। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসনের অপচেষ্টার জবাব রাজপথে দেওয়া হবে।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান ১৭ বছর প্রবাসে থেকেও সাংগঠনিক ও মোহনীয় শক্তি দিয়ে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব ছিল অবিচল, দেশের মানুষও ছিল ঐক্যবদ্ধ। ফলে গত জাতীয় নির্বাচনে জনগণের কাছে সব ধরনের ষড়যন্ত্র পরাজিত হয়েছে।

আরও পড়ুন ইতিহাস বিকৃত বা আড়াল করা গেলেও মুছে ফেলা যায় না: সমাজকল্যাণমন্ত্রী

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মধ্যে কোনো ধরনের দ্বিচারিতা বা আপোষকামিতা নেই। বিএনপির রাজনীতি দেশের মানুষের জন্য, দেশের কল্যাণ, সার্বভৌমত্ব, উন্নয়ন ও সুশাসনের জন্য। তাই যখনই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, বিএনপি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জনগণের ভালবাসা নিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে এবং দেশসেবার সুযোগ পেয়েছে।

Advertisement

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা থেকে শিক্ষা নিতে হবে, যাতে কোনো কাজের মাধ্যমে দলকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ না থাকে।

আরও পড়ুন চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা

সমাজকল্যাণমন্ত্রী বলেন, গণতন্ত্রকে কোনো অবস্থাতেই এই দেশ থেকে বিচ্যুত করা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র তার নিজস্ব অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি, সেলিমুজ্জামান সেলিম এমপি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

কেএইচ/এমএমকে