পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ বা শেয়ার প্রতি ৫০ টাকা অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে। তবে দুই বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম ও রেকিট বেনকিজারের মুনাফা বেড়েছে।
Advertisement
কোম্পানিগুলোর কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
লাফার্জহোলসিম বাংলাদেশকোম্পানিটির ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৮৩ টাকা।
তবে চলতি বছরের জানুয়ারি-জুন ছয় মাসে সমন্বিত ইপিএস কমে হয়েছে ১.৮৭ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২.০৩ টাকা।
Advertisement
একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ২.৫৯ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ইতিবাচক ১.৬৪ টাকা ছিল। ৩০ জুন ২০২৬ তারিখে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৮ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৬.৪১ টাকা।
আরও পড়ুন দ্বিতীয় প্রান্তিক / তিন ব্যাংকের মুনাফায় উন্নতি, অবনতি ৩টিরকোম্পানিটি জানিয়েছে, সিমেন্ট বিক্রি কমে যাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস কমেছে। এছাড়া দেশীয় ও আমদানিকৃত পণ্য ক্রয়ের বিপরীতে অর্থ পরিশোধ বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে।
রেকিট বেনকিজারকোম্পানিটির এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪১.০৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯.৭১ টাকা। জানুয়ারি-জুন ছয় মাসে ইপিএস বেড়ে হয়েছে ৬৪.৩৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬২.১৬ টাকা।
একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ১৫৩.৫১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৮.১৩ টাকা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৯.০৯ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৮৭.৫৮ টাকা।
Advertisement
কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে টানা দুই ঈদের ছুটির কারণে কার্যদিবস কম থাকায় ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়েছিল। সেই তুলনায় ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব ৬.৬৯ শতাংশ বেড়েছে, ফলে ইপিএসও উন্নত হয়েছে। এছাড়া প্রথম প্রান্তিকে ঈদের ছুটি ও জাতীয় নির্বাচনের কারণে ব্যবসা কিছুটা ধীর থাকলেও দ্বিতীয় প্রান্তিকে প্রথম প্রান্তিকের তুলনায় রাজস্ব ৭.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ছয় মাসে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ৫৬.৪ শতাংশ বেড়ে ৭২ কোটি ৫৪ লাখ টাকায় উন্নীত হয়েছে, যা শক্তিশালী ব্যবসায়িক পারফরম্যান্সের ফল বলে জানিয়েছে কোম্পানিটি।
অন্যদিকে ২০২৬ সালের ৩০ জুন এনএভি কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ অর্থবছরের অনুমোদিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর সঞ্চিত মুনাফা থেকে লভ্যাংশ প্রদেয় হিসাবে স্থানান্তর করা হয়েছে। ফলে সঞ্চিত মুনাফার হিসাবে এ পরিবর্তনের প্রভাব পড়েছে।
ম্যারিকো বাংলাদেশকোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৬ সমাপ্ত তিন মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০০ শতাংশ বা ৫০ টাকা অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ আগস্ট।
করপোরেট ঘোষণার কারণে বৃহস্পতিবার (৩০ জুলাই) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা (প্রাইস লিমিট) কার্যকর থাকবে না।
এদিকে এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪.১২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬১.৭৭ টাকা।
আরও পড়ুন লাফার্জহোলসিমের বিক্রি ও মুনাফা বেড়েছে দ্বিতীয় প্রান্তিকেএকই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে হয়েছে ২০.২৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৬.৭৩ টাকা। ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে হয়েছে ১৪৬.১৪ টাকা, যা ৩১ মার্চ ২০২৬ তারিখে ছিল ৯২.০২ টাকা।
কোম্পানিটি জানিয়েছে, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং আর্থিক আয় কমে যাওয়ায় ইপিএস কমেছে। সরবরাহকারীদের অর্থ পরিশোধ বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহও কমেছে। অন্যদিকে সঞ্চিত মুনাফা বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে।
এছাড়া কোম্পানিটি শেয়ারহোল্ডারদের রেকর্ড তারিখের আগে নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের (ডিপি) মাধ্যমে ব্যাংক হিসাব, রাউটিং নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবস্থার মাধ্যমে লভ্যাংশ গ্রহণ করা যায়।
একই সঙ্গে মার্জিন ঋণগ্রহীতা শেয়ারধারীদের নাম, বিও হিসাব নম্বর, শেয়ার ধারণের পরিমাণ, প্রাপ্য মোট লভ্যাংশ, প্রযোজ্য করহার ও নিট লভ্যাংশসহ বিস্তারিত তথ্য আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানির ইনভেস্টর, শেয়ারহোল্ডার কন্টাক্টের কাছে পাঠাতে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
এমএএস/ইএ