লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন সময়ে) ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা হয়েছে ৫৪ পয়সা।
Advertisement
ফান্ডটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইউনিটপ্রতি ২০ পয়সা লোকসান হয়েছিল।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৮২ পয়সা। ২০২৫ সালের একই সময়ে ইউনিটপ্রতি ৮ পয়সা লোকসান হয়েছিল।
Advertisement
এদিকে ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২২ পয়সা।
এছাড়া, ২০২৬ সালের ৩০ জুন শেষে বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৯ টাকা ৩৯ পয়সা।
অন্যদিকে ব্যয়মূল্যে (কস্ট প্রাইস) ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য বেড়ে ১১ টাকা ৩৫ পয়সায় দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১১ টাকা ১৯ পয়সা।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) যৌথভাবে ফান্ডটি গঠন করে। পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই এই মিউচুয়াল ফান্ড চালু করা হয়।
Advertisement
ফান্ডটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০০ কোটি টাকা। এর মধ্যে স্পন্সর হিসেবে সিএমএসএফ ৫০ কোটি টাকা এবং আইসিবি এএমসিএল ২০ কোটি টাকা বিনিয়োগ করে। এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে ৫ কোটি টাকা বিনিয়োগ করে। বাকি ২৫ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
২০২২ সালে ফান্ডটির ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তির অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরবর্তীতে ওই বছরের ১১ এপ্রিল ট্রাস্ট ডিড স্বাক্ষরিত হয়।
ফান্ডটির স্পন্সর সিএমএসএফ, সম্পদ ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, কাস্টোডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে ফান্ডটির লেনদেন শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে তৎকালীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঘণ্টা বাজিয়ে লেনদেনের উদ্বোধন করেন। পরদিন ২১ সেপ্টেম্বর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিট লেনদেন শুরু হয়।
এমএএস/এমআইএইচএস