দেশজুড়ে

সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা, কর্মসূচি শুরু শাবিপ্রবি থেকে

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কে কেন্দ্র করে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় তাদের বহর পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যান। বর্তমানে নেতারা সেখানে অবস্থান করছেন।

Advertisement

দলটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের বিভিন্ন উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে হবিগঞ্জে ছাত্রদলের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ ও মৌলভীবাজারের পুলিশি বাধার ঘটনায় সিলেটের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার ও শুক্রবার বিজিবি মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সদর দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব সদস্য দায়িত্ব পালন করবেন।

Advertisement

এনসিপির সিলেট জেলা শাখার সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ জানান, সিলেটে কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা প্রথমে গোলাপগঞ্জে গণ-অভ্যুত্থানে নিহত কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগরে সমাবেশে অংশ নেবেন। শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি রয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা পুলিশের সুপারিশের ভিত্তিতে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আহমেদ জামিল/এফএ

Advertisement