খেলাধুলা

এক জার্সিতেই ১ হাজার স্পন্সর! হুমড়ি খেয়ে পড়লেন ছোট ব্যবসায়ীরা

পেরুর ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেপোর্তিভো মিউনিসিপাল আর্থিক সংকট মোকাবিলায় নিয়েছে একেবারেই ভিন্নধর্মী একটি পদক্ষেপ। বড় কোনো স্পন্সর না পেয়ে ক্লাবটি তাদের জার্সিতে এক হাজারটি স্পন্সরশিপ স্লট বিক্রি করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেছে। মাত্র তিন মাসের মধ্যেই সব স্লট বিক্রি হয়ে যায়।

Advertisement

চারবারের পেরু চ্যাম্পিয়ন দেপোর্তিভো মিউনিসিপাল গত মৌসুমে ঋণ ও স্পন্সর হারানোর কারণে দেশের তৃতীয় স্তরের প্রতিযোগিতা কোপা পেরুতে অবনমিত হয়। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই ক্লাব কর্তৃপক্ষ চালু করে ‘দ্য থাউসেন্ড স্পন্সরস অব মুনি’ নামে বিশেষ একটি প্রচারণা।

এই উদ্যোগের আওতায় মাত্র ২০০ পেরুভিয়ান সোল (প্রায় ৩০০ ব্রাজিলিয়ান রিয়াল) দিয়ে যে কেউ জার্সির একটি স্পন্সরশিপ স্লট কিনতে পারতেন। কোম্পানি, ছোট ব্যবসায়ী এবং উদ্যোক্তারা এতে ব্যাপক সাড়া দেন। ফলস্বরূপ, নতুন জার্সিটি চেকারবোর্ড নকশায় তৈরি হয়, যেখানে প্রতিটি ঘরে আলাদা স্পন্সরের নাম বা লোগো স্থান পায়। তবে ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে জার্সিতে রাখা হয়েছে পরিচিত লাল তির্যক স্ট্রাইপ এবং ক্লাবের লোগো।

এ জন্য ক্লাবটি একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্মও চালু করে। স্পন্সররা শুধু জার্সিতে নিজেদের ব্র্যান্ড প্রদর্শনের সুযোগই পাননি, পাশাপাশি ম্যাচের টিকিট ও অফিসিয়াল মার্চেন্ডাইজ কেনায় বিশেষ সুবিধাও পেয়েছেন।

Advertisement

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ থেকে সংগৃহীত অর্থ পুরুষ দলের লিগা ৩-এ অংশগ্রহণ, নারী দলের লিগা দে আসেনসোতে খেলা এবং ক্লাবের যুব একাডেমির উন্নয়নে ব্যয় করা হবে।

তবে এই উদ্যোগ নিয়ে ক্রীড়া বিপণন বিশেষজ্ঞদের মতামত মিশ্র। ইএসপিএমের অধ্যাপক ইভান মার্তিনহো মনে করেন, এটি বর্তমান সংকট সামাল দেওয়ার জন্য অত্যন্ত সৃজনশীল ও বাস্তবসম্মত উদ্যোগ। তবে তিনি সতর্ক করে বলেন, এটি দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার বিকল্প হতে পারে না। তার মতে, একটি শক্তিশালী কৌশলগত স্পন্সরভিত্তি এবং নিয়মিত আয়ের উৎস গড়ে তোলাই ক্লাবের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ ফ্যাবিও উলফের মতে, তাৎক্ষণিক অর্থসংকট মোকাবিলায় এই পরিকল্পনা কার্যকর হলেও এক জার্সিতে এত বেশি স্পন্সর থাকার কারণে প্রতিটি ব্র্যান্ডের দৃশ্যমানতা কমে যায়। ফলে জার্সির বাণিজ্যিক মূল্য এবং ভবিষ্যতে বড় স্পন্সর আকর্ষণের সম্ভাবনাও কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরআর/এমএমআর

Advertisement