দেশজুড়ে

রাজশাহীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৯৩৭ ইয়াবা ট্যাবলেট এবং পাঁচটি মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া শহীদ জিয়া পার্কের ১ নম্বর গেটের বিপরীতে আব্দুল কুদ্দুসের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের বাসিন্দা মো. আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শাহমখদুম থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

Advertisement

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও টাকা

সংবাদ সম্মেলনে আরএমপি মুখপাত্র বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নির্দেশনায় এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার গভীর রাতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৯৩৭ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া আলামিন ইসলামের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।’

Advertisement

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মনির হোসেন মাহিন/কেজে/জেআইএম