কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিনজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু এবং সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।
Advertisement
বুধবার (২৯ জুলাই) এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।
আরও পড়ুন র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্তপ্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি এ. কে. এম. এহসানউল্লাহ ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়। একই তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা ২০২৫ সালের ৭ মার্চ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৭ মার্চ ২০২৫ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Advertisement
এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ২০১৮ সালের ২৮ মার্চ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। একই তারিখ থেকে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনিও বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
টিটি/এমএমকে
Advertisement